Sylhet Today 24 PRINT

মেসির রেকর্ডের রাতে আরও পেছালেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৮

বার্সা তারকা লিওনেল মেসির রেকর্ডের রাতে আরও পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ। গোল ও অ্যাসিস্টে বার্সেলোনার জার্সিতে মাইলফলক ছোঁয়া ৪০০তম লিগ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।

রোববার ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বার্সা। একই রাতে সেল্টা ভিগোর মাঠ থেকে ২-২ ব্যবধানের ড্রয়ের হতাশা নিয়ে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ফলে লিগে এখন পর্যন্ত অপরাজেয় বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধানে আরও পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে একটি ক্লাবের হয়ে গোলস্কোরিংয়ে সবচেয়ে সফল খেলোয়াড় হিসেবে বার্য়ান মিউনিখের জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে নাম লিখিয়েছেন মেসি। লা লিগায় ৩৬৫তম গোল করে রেকর্ডবুকে আরেকবার নিজের নাম লেখান এই আর্জেন্টাইন সুপারস্টার। ৪২৭টি ম্যাচ খেলে সমানসংখ্যক গোল করেছিলেন মুলার।

লেভান্তের বিপক্ষে খেলা শুরুর ১২ মিনিটের মাথায় জর্ডি আলবার পাসে বল জালে পাঠান মেসি। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। আর ইনজুরি টাইমে পাওলিনহোকে দিয়ে গোল করান মেসি।

এদিকে, সেল্টা ভিগোর বিপক্ষে ড্র করায় লিগ সিজনে এ নিয়ে চারটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকলো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৩ মিনিটে পিছিয়ে পড়ার তিন মিনিট পরই গ্যালাকটিকোদের সমতায় ফেরান গ্যারেথ বেল। দুই মিনিট না যেতেই জোড়া গোল উদযাপনে মাতেন এই ওয়েলস তারকা। কিন্তু ম্যাচের শেষদিকে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রোনালদোদের।

লীগের পয়েন্ট টেবিলে ৯ পয়েন্টের লিড নিয়ে এখন চালকের আসনে বার্সা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮ (১৫ জয়, ৩ ড্র)। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে ভ্যালেন্সিয়া। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে ১৬ পয়েন্ট পেছনে অবস্থান এক ম্যাচ কম খেলা রিয়ালের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.