Sylhet Today 24 PRINT

আগামী বছরের শুরুতেই টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০১৫

সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল

আগামী বছরের শুরুতেই টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এমনটিই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু হিসেবে রবিবার এ স্টেডিয়ামে সংস্কার কাজ পরিদর্শন শেষে এমনটি জানান মাহবুব আনাম। আর আইসিসির পরিদর্শক দলও সংস্কার কাজ চলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা, আউটফিল্ড, বিশ্বমানের স্পোটিং উইকেট তৈরীর কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে।

আসন্ন অনুর্ধ ১৯ বিশ্বকাপ উপলক্ষ্যে রবিবার দুপুরে সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসির প্রতিনিধি দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের পর আগামী জানুয়ারীতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তাই এখন চলছে এ স্টেডিয়ামের সংস্কার কাজ। রোবাবার সংস্কার কাজ পরিদর্শন করতে আসেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেললির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। স্টেডিয়াম ঘুরে ভেন্যুর সংস্কার কাজের প্রশংসা করেন আইসিসির এই ইভেন্ট ম্যানেজার। স্টেডিয়ামটির প্রাকৃতিক সৌন্দর্যেরও প্রসংশা করেন আইসিসির প্রতিনিধিরা।

আইসিসির প্রতিনিধিদের সাথে সিলেটে এসেছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, তিনি বসিলেট ক্রিকেট স্টেডিয়ামকে প্রাকৃতিক সৌন্ধর্যমন্ডিত  উপমহাদেশের অন্যতম ভেন্যু উল্লেখ করে বলেন, এমন সুন্দর স্টেডিয়াম আমাদের দেশে আর নেই। তার এই মাঠে আমরা টেস্ট ম্যাচ আয়োজন করতে চাই। আমাদের ইচ্ছে আগামী বছরের শুরুতেই এ স্টেডিয়াম পুর্ণাঙ্গ টেস্ট ভেন্যুর মর্যাদা পাবে। বিদেশী দল এখানে টেস্ট ম্যাচ খেলতে আসবে।

মাহবুব আনাম বলেন, এই স্টেডিয়ামের পাশেই আমরা একটি আউটার স্টেডিয়াম নির্মান করতে চাচ্ছি। এ ব্যাপারে আলোচনা চলছে। এটি নির্মিত হলে ছেলেমেয়েরা খেলাধুলার আরো বেশি সুযোগ পাবে। এতে নতুন খেলোয়াড়ও তৈরি হবে।

এছাড়া বিপিএলের কয়েকটি ম্যাচ এ স্টেডিয়ামের আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।

আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেললি বলেন, স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি সঠিক সময়েই তা শেষ হবে। বাংলাদেশে ক্রিকেটে বিনিয়োগেরও প্রশংসা করেন টেললি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের মত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলোও সফলভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল। তিনি জানান, অনুর্ধ-১৯ বিশ্বকাপের ৬ ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.