Sylhet Today 24 PRINT

দুইবার এগিয়ে গিয়েও রিয়ালের ড্র

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৮

দুই-দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের শেষ ষোলোতে জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় টায়ারের দল নুমানসিয়া।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে রিয়াল জিতেছিল ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে জিদানের দল।

ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন লুকাস ভাসকেজ। প্রথমার্ধের শেষ মিনিটে গোলটা শোধ করেন নুমানসিয়ার গুইলেরমো।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভাসকেজ পূরণ করেন জোড়া গোল, রিয়াল এগিয়ে যায় ২-১ গোলে। তবে ৮২ মিনিটে গুইলেরমোর জোড়া গোলে আবার সমতায় ফেরে অতিথিরা।

যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নুমানসিয়ার কালভো স্যানরোমান। তবে রিয়ালের মাঠ থেকে দারুণ ড্র নিয়ে ফিরতে সমস্যা হয়নি অতিথিদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.