সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৮
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। ৭৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের ডারউইশ রাসুলি। গ্রুপ ‘ডি’তে এই দুল ছাড়া অন্য দল দুইটি হচ্ছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
শনিবার (১৩ জানুয়ারি) ওয়াঙ্গারেইতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৮৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন রোহাইল নাজির। আফগানিস্তানের পক্ষে নাভিন-উল-হক ২টি, আজমতউল্লাহ ওমরজাই ৩টি, কাইস আহমদ ৩টি, জহির খান ১টি ও নিসার ওয়াহদাত ১টি করে উইকেট নেন।
পরে আফগানিস্তান ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থাকেন ডারউইশ রাসুলি। ৪৬ রান করেন ইকরাম আলী খিল। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ১টি, হাসান খান ২টি ও মোহাম্মদ তহা ১টি করে উইকেট নেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৮৮ (৪৭.৪ ওভার)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৯৪/৫ (৪৭.৩ ওভার)।
ফলাফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ: ডারউইশ রাসুলি (আফগানিস্তান)।