স্পোর্টস ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৮
ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। এবার ভিয়ারিয়ালের কাছে ঘরের মাঠে হেরে গেছে জিনেদিন জিদানের দল।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুর দিকে ভিয়ারিয়ালের গোলরক্ষক সের্হিও আসেনহোর নৈপুণ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার গোলবঞ্চিত হয় রিয়াল। ১৮তম মিনিটে মার্সেলোর দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। এরপর ২৫ গজ দূর থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক। বল তার হাতে লেগে ক্রসবার ছুঁয়ে যায়।
২৯তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেওয়া কোনাকুনি শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
বিরতির ঠিক আগে আসেনহোর নৈপুণ্যে ফের বেঁচে যায় ভিয়ারিয়াল। ছয় গজ বক্সের মধ্যে থেকে রোনালদোর প্রচেষ্টা রুখে দেন তিনি। শট নেওয়ার আগমুহূর্তে ডিফেন্ডার গাসপার পর্তুগিজ ফরোয়ার্ডকে ধাক্কা দেওয়ায় পেনাল্টির জোরালো আবেদন করে স্বাগতিকরা। তবে তাতে সাড়া দেননি রেফারি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করার মতো পজিশনে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন অতিথিদের রুশ মিডফিল্ডার চেরিশেভ। পাঁচ মিনিট পর টনি ক্রুসের হাফ ভলি ঠেকান আসেনহো।
৮৭তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে দিয়ে বল জালে পাঠান পাবলো ফোরনালস।