ক্রীড়া প্রতিবেদক | ১৪ জানুয়ারী, ২০১৮
স্বাগতিক বাংলাদেশ, সফরকারী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টালমাটাল শ্রীলঙ্কা আর তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট হিসাবেই সিরিজ শুরু করতে যাচ্ছে কোচবিহীন টাইগাররা।
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর এই প্রথম হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। অবশ্য টাইগারদের সাম্প্রতিক ওয়ানডে রেকর্ড বেশ ভাল। গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে মাশরাফির দল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বড় পরাজয়ের পর এখন তাদের আবার জয়ের ধারায় ফেরার পালা।
সিরিজ নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, "দক্ষিণ আফ্রিকায় আমাদের খারাপ সময় গিয়েছে। তবে ঘরের মাঠে আমাদের ভালো করার সুযোগ আছে। কাল থেকে রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমরা এই টুর্নামেন্টে সাফল্য চাই।"
কোচ চন্ডিকা হাতুরুসিংহের পদত্যাগের পর টাইগাররা এখন কোচবিহীন। এ টুর্নামেন্ট দিয়েই লঙ্কান কোচ হিসেবে অভিষেক হচ্ছে হাতুরুর।
সাবেক কোচকে শুভকামনা জানিয়ে মাশরাফি বলেন, "তার (হাতুরু) অধীনে খেলে আমরা ভালো ফল পেয়েছি। তবে গত কয়েক বছরে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিব খুব ভালো খেলেছে, মোস্তাফিজ আবির্ভাবেই নৈপুণ্য দেখিয়েছে। এসব মাথায় রাখতে হবে। হাথুরুসিংহের জন্য শুভ কামনা, তবে আমরা নিজেদের নিয়ে ভাবছি।"
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে সাময়িকভাবে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা ১২টায়। যদিও ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা থেকে। কিন্তু কুয়াশার কথা চিন্তা করে সময় এগিয়ে আনা হয়েছে। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
সোমবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ জানুয়ারি, লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। দুই দিন পর শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে স্বাগতিকরা। ২১ জানুয়ারি আবার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ২৩ জানুয়ারি বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে হবে মাশরাফিদের দ্বিতীয় সাক্ষাৎ। শীর্ষ দুই দল ২৭ জানুয়ারি মুখোমুখি হবে ফাইনালে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা দল: এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক),হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মাওে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।