Sylhet Today 24 PRINT

নতেঁর বিপক্ষে কষ্টের জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

লিগ ওয়ানে নতেঁর মাঠে কষ্টের জয় পেয়েছে পিএসজি। আর এতে শীর্ষস্থান আরও মজবুত করেছে উনাই এমেরির দল।

রোববার রাতে টেবিলের পঞ্চম স্থানে থাকা ক্লাবটিকে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে হারিয়েছে নেইমারকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল।

২০ ম্যাচে ১৭তম জয় পাওয়া পিএসজি ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।

রোববার রাতে নঁতের মাঠে পিএসজি এগিয়ে যায় ম্যাচের দ্বাদশ মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এদিনসন কাভানি ডি বক্সের মাঝামাঝি গিয়ে বল বাড়ান। দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ডান দিকে থাকা আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো একটি সুযোগ নষ্ট হয় পিএসজির। ডান দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে দি মারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট। চার মিনিট পর সালার হেড জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে নঁত। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

ব্যবধান বাড়াতে না পারা পিএসজি কোচ ৬৮তম মিনিটে রক্ষণের শক্তি বাড়ান। ফরোয়ার্ড কাভানিকে তুলে নিয়ে নামান ডিফেন্ডার থমাস মুনিয়েকে। এরপর ৮০তম মিনিটে দি মারিয়ার জায়গায় ক্রিস্তোফা  এনকুঙ্কুকে নামান পিএসজি কোচ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিয়েগো কার্লোস দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় নঁত। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের পায়ে লেগে রেফারি পড়ে যান এবং এরপরই রেফারি তাকে কার্ড দেখান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.