ক্রীড়া প্রতিবেদক | ১৫ জানুয়ারী, ২০১৮
তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি ও আফিফ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে । সোমবার কানাডাকে ৬৬ রানে হারিয়েছে টাইগার যুবারা। এর আগে শনিবার প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ পর্যন্ত চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টাইগার যুবারা।
সোমবার লিংকনে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেন। ১২২ রান করে আউট হন তিনি।
ব্যক্তিগত অর্ধশত করেন আফিফ হোসেন। ৫০ রান করেন তিনি। মোহাম্মদ নাঈম করেন ৪৭ রান। কানাডার পক্ষে রিশিভ যোশী ১টি, ফয়সাল জামখান্দি ৫টি, আকাশ গিল ১টি ও রোমেল শাহজাদ ১টি করে উইকেট নেন।
পরে কানাডা ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক আরস্লান খান। বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন পাঁচটি, কাজী অনিক ১টি, হাসান মাহমুদ ২টি, রবিউল হক ১টি ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফিফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৬৪/৮ (পিনাক ০, নাঈম ৪৭, সাইফ ১৭, হৃদয় ১২২, আফিফ ৫০, আমিনুল ১৯, মাহিদুল ৫, কাজি অনিক ০, রবিউল ০*; যোশী ১/৪৫, ফায়সাল ৫/৪৮, গিল ১/৪৮, শাহজাদ ১/৫৭, পাথমানাথান ০/৪২, আরসালান ০/২৬)।
কানাডা অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ১৯৮ (প্রণব ৩৪, সান্ধু ১১, আরসালান ৬৩, গিল ২৩, কেভিন ২৪, নারেস ২৬*, স্যামুয়েল ২, পাথমানাথান ৩, ফায়সাল ০, শাহজাদ ২, যোশী ০; কাজি অনিক ১/৩৯, মাহমুদ ২/২৩, আফিফ ৫/৪৩, রবিউল ১/৪৭, টিপু ০/৩৭, সাইফ ১/৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন।