Sylhet Today 24 PRINT

১৭০-এ শেষ জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ জানুয়ারী, ২০১৮

ইনিংসের প্রথম ওভারেই সাকিবের আঘাত, জোড়া আঘাত। ওখান থেকে আর বেরুতে পারেনি জিম্বাবুয়ে। ফলত নির্ধারিত ৫০ ওভারের কোটাই খেলতে পারেনি তারা। এক ওভার আগেই সবাই আউট, স্কোরবোর্ডে ওঠে মাত্র ১৭০ রান।

বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন যথারীতি সাকিব আল হাসান, যোগ্য সঙ্গ দিয়েছেন মাশরাফি সহ সকলেই। সাকিব নেন ৩, মোস্তাফিজ-রুবেল নেন দুটি করে, আর মাশরাফি-সানজামুল নেন ১টি করে উইকেট। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা।

মিরপুরে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড ছিল। ওই বলে স্ট্যাম্পিং হন সলোমন মায়ার। কোনও রান না করেই ফিরে যান তিনি। তৃতীয় বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। তিনিও কোনও রান না করে ফিরে যান।

সাকিবের জোড়া আঘাতের পর আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের সপ্তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ফিরিয়ে দেন তিনি। ২৪ বল খেলে ১৫ রান করেন মাসাকাদজা।

ইনিংসের ১৭তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। টেইলর করেন ২৪ রান। ২৬তম ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে ম্যালকম ওয়ালারকে সাজঘরে ফেরান স্পিনার সানজামুল ইসলাম। ৪০তম ওভারে রান আউট হন সিকান্দার রাজা। ৪৬তম ওভারে সাকিব আল হাসানের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৪৮তম ওভারে দুইটি উইকেট নেন ‍রুবেল হোসেন। ওভারের তৃতীয় বলে পিটার মুরকে ও চতুর্থ বলে টেন্ডাই সাতারাকে বোল্ড করেন তিনি। পিটার মুর করেন ৩৩ রান। এক বল খেলে শূন্য রান করেন টেন্ডাই সাতারা। ৪৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ব্লিজিং মুজারাবানি।

বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তিন পেসার হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পেশাল স্পিনার হিসাবে একাদশে রাখা হয়েছে সানজামুল ইসলামকে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর আজ প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য সরকারকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৯ ওভারে ১৭০ (মাসাকাদজা ১৫, মিরে ০, আরভিন ০, টেইলর ২৪, রাজা ৫২, ওয়ালার ১৩, মুর ৩৩, ক্রিমার ১২, জার্ভিস ৪*, চাতারা ০, মুজারাবানি ১; সাকিব ৩/৪৩, সানজামুল ১/২৯, মাশরাফি ১/২৫, মোস্তাফিজ ২/২৯, রুবেল ২/২৪, নাসির ০/১৫)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সোলেমান মিরে, পিজে মোর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্র্যান্ডন টেইলর, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস, ম্যালকম ওলার, ব্লেসিং মোজারাব্বানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.