Sylhet Today 24 PRINT

পদত্যাগের সংবাদকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন, ম্যানেজার থাকছেন সুজনই

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

দুপুরে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল পদত্যাগ করেছেন ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।  ব্যক্তিগত কারন দেখিয়ে সরে দাঁড়ানোর খবর দিয়ে সেসব খবরে বলা হয় বেতন ভাতা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে একটি দৈনিক পত্রিকায় সংবাদের জের ধরে এই কাণ্ড।

কিন্তু  সব রকমের খবরের অবসান ঘটিয়ে মুখ খুললেন সুজনই; বললেন, সরে দাঁড়ানোর খবর স্রেফ ‘গুজব’, তিনি কেবল বিসিবিতে তাকে স্থায়ী করার বিষয়ে প্রধান নির্বাহী বরাবর ইমেইল পাঠিয়েছেন। তিনি ম্যানেজার পদে থাকছেনই।

সোমবার (৮ জুন) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন সুজন।

তার ম্যানেজার পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ ও বিকল্প খুঁজতে নির্বাহী কমিটির বৈঠকের খবর ছড়ালে বিসিবি কার্যালয়ে যান সংবাদকর্মীরা। এসময় দৃষ্টি আকর্ষণ করা হলে সুজন বলেন, আমি কোনো পদত্যাগপত্র জমা দেইনি। কেবল বিসিবিতে বেতনভুক্ত করে আমাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে কিনা তা জানতে চেয়েছি।

সুজন জোর দিয়ে বলেন, আমিই দলের ম্যানেজার থাকছি। যে খবরগুলো ছড়িয়ে সেসব স্রেফ গুজব। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.