Sylhet Today 24 PRINT

জয়ে ফিরল পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

ফের জয়ে ফিরল পিএসজি। তিন দিন আগের হারের ধাক্কা কাটিয়ে গ্যাঁগোকে হারিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠেছে উনাই এমেরির দল।

বুধবার রাতে ঘরের মাঠে গ্যাঁগোকে ৪-২ গোলে হারায় নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা পিএসজি।

গত রোববার লিগ ওয়ানে লিওঁর মাঠে ২-১ গোলে হেরেছিল এমেরির শিষ্যরা।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে ভাগ্যের ফেরে আনহেল দি মারিয়ার হেড লাগে পোস্টে। পাঁচ মিনিট পরেই হেডে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।

 চার মিনিট পর দি মারিয়ার ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন অতিথিদের ফরাসি মিডফিল্ডার লিকা। ৩৩তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান কমান মাকেঁস। ডি-বক্সের মধ্যে ফরাসি এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় গ্যাঁগো।

৬৪তম মিনিটে দি মারিয়ার ক্রসে হেডে ব্যবধান ফের বাড়ান হাভিয়ের পাস্তোরে। এবারও দুই গোলে এগিয়ে থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি পিএসজির। ৭৫তম মিনিটে আরেকটি সফল স্পটকিকে ব্যবধান কমান কঙ্গোর ফরোয়ায় ইয়েনি।

তবে ৮৯তম মিনিটে দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন মার্কিনিয়োস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারও হেডে বল জালে পাঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.