Sylhet Today 24 PRINT

শাস্তি পেতে হলো মাশরাফিকে

স্পোর্টস ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

গত শনিবারের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের ম্যাচে 'আচরণবিধি ভঙ্গের' অভিযোগে শাস্তি পেতে হলো টাইগার ক্যাপ্টেন মাশরাফিকে। শাস্তি হিসেবে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে তাকে। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একমাত্র ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ম্যাশ।

ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের ৬ষ্ঠ ওভারের। কুশল মেন্ডিসকে আউট করার পর উদযাপন করতে করতে তার কাছাকাছি চলে যান মাশরাফি। আগের ওভারেই মেহেদী হাসান মিরাজকে তুলোধুনো করে ২৪ রান নিয়েছিলেন মেন্ডিস। সেজন্যই হয়তো একটু আগ্রাসী উদযাপন করেন মাশরাফি।

উদযাপনই কাল হয়ে দাঁড়াল। ম্যাচ শেষে আম্পায়াররা রিপোর্টে লিখেন, 'আউটের পর মেন্ডিসের কাছে গিয়ে মাশরাফি জোরে চিৎকার করেন এবং তার দিকে এমনভাবে তাকান, যেটি কোনো আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারত।'

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের দোষ স্বীকার করে নেন মাশরাফি। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এছাড়া একই ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। তামিম ইকবাল আউট হওয়ার পর তাকে উস্কানিমূলক কিছু একটা বলেছিলেন তিনি। যা শুনে প্যাভিলিয়নে ফেরার পথে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন তামিম। পরে আম্পায়ারদের হস্তক্ষেপে ঘটনা বেশিদূর গড়ায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.