Sylhet Today 24 PRINT

ফের তিন ফরম্যাটেই সেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৮

আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এতদিন টেস্ট ও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান সাকিবের দখলে থাকলেও ছিলনা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি। তবে সেই শীর্ষস্থানটি ফের পুনরুদ্ধার করেছেন সাকিব। বাংলাদেশের টেস্ট অধিনায়ক আবারও ফিরে পেয়েছেন তিন সংস্করণেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান।

এতদিন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজের দখলে। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় হাফিজকে পেছনে ফেলে আবারো শীর্ষে উঠে এসেছেন সাকিব।

ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন শীর্ষে। ৩৩৯ পয়েন্ট নিয়ে মোহাম্মদ হাফিজ রয়েছেন দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব। ৩৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে তার পরে অবস্থান করছেন ভারতের রবীচন্দ্রন আশ্বিন।

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে করেছেন ১৬৩ রান। আর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ফাইনালে অবশ্য নিজের বোলিং কোটা শেষ করার আগেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। পরে আর ব্যাটিংও করতে পারেননি। তবে ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের পারফরম্যান্সে ভর করে ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায়ও শীর্ষে উঠে গেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.