Sylhet Today 24 PRINT

যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

আইসিসির বড় ইভেন্টে ভারতকে পেলেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। ধারণা করা হচ্ছিল বড়দের দেখান পথে হাঁটবে ছোটরাও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইভেন্টে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নিবে।

তবে সেমিতে ভারতকে পেয়ে জ্বলে উঠতে পারলো না পাকিস্তান। উল্টো মাত্র ৬৯ রানে অলআউট হয়ে ২০৩ রানের বিশাল পরাজয় বরণ করে নিয়েছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের যুবারা।

টস জিতে ব্যাটিং নেয়া ভারতের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে দুই ব্যাটসম্যান মিলে তুলে ফেলেছিলেন ৮৯ রান। ৯৪ রানের মধ্যে দুই ওপেনারই বিদায় নিলে জুটি বাধেন শুবমান গিল ও হার্ভিক দেশাই। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৫৪ রান। তবে এরপরই দ্রুত ৩ উইকেট হারায় ভারত। ১৬৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

একপ্রান্তে অপরাজিত ব্যাটসম্যান গিল ৬৭ রানের জুটি বাধেন অনুকূল রায়কে নিয়ে। আবার দ্রুত কয়েকটি হারিয়ে ফেলে ভারত। তবে ম্যাচের সবচেয়ে মজার ঘটনা ছিল গিলের সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে তার দরকার ছিল ২ রান। তৃতীয় বলে গিলের উঠিয়ে দেয়া ক্যাচ ধরার চেষ্টা করেননি কোন পাকিস্তানি ফিল্ডারই। শেষ বলে তার প্রয়োজন ছিল ১ রান। আবার তার ক্যাচ ছেড়ে দেন পাকিস্তানি ফিল্ডাররা। আর বলটিও ছিল নো-বল। তাতে দুই রান নিয়ে গিল পূর্ণ করেন সেঞ্চুরি। তিনি ৯৪ বলে ৭ চারে ১০২ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ২৭২ রান। পাকিস্তানের দুই পেসার আরশাদ ইকবাল ও মোহাম্মদ মুসা যথাক্রমে ৩ ও ৪ উইকেট নেন।

২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারানো শুরু করে পাকিস্তান।  দলের মাত্র ৩জন ব্যাটসম্যান তিন অঙ্কের রান স্পর্শ করেছেন। দলীয় সর্বোচ্চ ১৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান রোহেল নাজির। পাকিস্তানের ইনিংসে মূল ধংসযজ্ঞ চালিয়েছেন বাঁহাতি পেসার ইশান্ত পোরেল। প্রথম চার ব্যাটসম্যানকেই আউট করেন তিনি। শেষপর্যন্ত ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রান অল আউট হয় পাকিস্তান। পোরেল ১৭ রান খরচায় ৪ উইকেট পান। দুই স্পিনার শিভা সিং ও রিয়ান পরাগ নিয়েছেন দুটি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার পান গিল। ৩ ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৭২/৯ (৫০ ওভার) (পৃথ্বি ৪১, মানজোত ৪৭, গিল ১০২*, দেসাই ২০, পরাগ ২, অভিষেক ৫, অনুকূল ৩৩, নাগরকোটি ১, শিভাম ১, পোরেল ১*; ইকবাল ৩/৫১, মুসা ৪/৬৭, আফ্রিদি ১/৬২, সাহান ০/৪৬, তাহা ০/৩৫, আসিফ ০/১১)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৬৯ (২৯.৩ ওভার) (ইমরান ২, যায়েদ ৭, রোহেল ১৮, আসিফ ১, আম্মাদ ৪, তাহা ৪, সাদ ১৫, হাসান ১, আফ্রিদি ০, মুসা ১১*, ইকবাল ১*; শিভাম ০/৬, পোরেল ৪/১৭, নাগরকোটি ০/৭, শিভা ২/২০, পরাগ ২/৬, অনুকূল ১/১১, অভিষেক ১/০)।

ফলাফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ২০৩ রানে জয়ী।

ম্যাচসেরা : শুবমান গিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.