Sylhet Today 24 PRINT

বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে চা বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

ক্রীড়া প্রতিবেদক  |  ৩১ জানুয়ারী, ২০১৮

১ম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিলো দারুণ। দ্রুত সময়ে নিজের অর্ধশতক তুলে নেয়া তামিম ইকবালের বিদায়ের পরও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মমিনুল হক-ইমরুল কায়েস জুটি। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগের শেষ বলে হঠাৎ ইমরুলের বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ।

সেই ধাক্কা মধ্যাহ্ন বিরতির পর বেশ ভালোভাবেই সামলে নিয়েছে টাইগাররা। মমিনুলের দারুণ এক শতকে চা বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫০ রান জড়ো করেছে বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েছে বড় সংগ্রহের।

এর আগে বুধবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিবের ইনজুরিতে দলের নেতৃত্ব পাওয়া মাহমুদুল্লাহ। ইমরুল দেখেশুনে ব্যাট চালালেও ক্রিজে নেমে দ্রুত রান তুলতে থাকেন আরেক ওপেনার তামিম। লঙ্কান বোলার পেরেরার বলে বোল্ড হওয়ার আগে তামিম করেন ৫৩ বলে ৫২ রান, যার মধ্যে ছিলো ১ ছয় ও ৬টি চারের মার।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে বিদায় নেন ইমরুলও। ‘চায়নাম্যান’ লক্ষ্মণ সানদাকানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ইমরুল করেন ৪০ রান। তার আউটের সঙ্গে সঙ্গেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়ার।

মধ্যাহ্ন বিরতির পর মমিনুলের সঙ্গী হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এরপর আর কোন বিপদ ঘটতে দেননি এই দুই ব্যাটসম্যান। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৯৬ বলে নিজের শতক তুলে নেন মমিনুল। এটি বাংলাদেশের বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুতগতির শতরান। এর আগে লর্ডসে তামিম ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

মমিনুলকে যোগ্য সঙ্গ দেয়া মুশফিক অপরাজিত আছেন ৪৭ রান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.