Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মানজত কালরার সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পৃথিবী শাহ'র দল।

নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইতে যুব বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ করতে পারে। জবাবে ১১ ওভারের বেশি থাকতে (৬৭ বল) দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ভারত। ৭১ রানের জুটি গড়েন দুই ওপেনার পৃথিবী শাও ও মানজোট কালরা। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন অধিনায়ক পৃথিবী। তিন নম্বরে নামা ইনফর্ম শুবমান গিল ৩১ বরে আউট হন।

তবে উইকেটে অবিচল থাকেন কালরা। দলের জয়ে শেষ পর্যন্ত ভূমিকা রেখে সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন তিনি। ১০২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ করেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হারভিক দেসাই ৪৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতীয় তরুণদের তোপে জোনাথন মারলো ছাড়া আর কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। মারলো ১০২ বলে ৬টি চারের সাহায্যে ৭৬ করেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ইশান্ত পোরেল, শিভা সিং, কামলেশ নাগারকোটি ও অনুকুল রায়। একটি উইকেট পান শিভাম মাভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.