Sylhet Today 24 PRINT

লিলের বিপক্ষে নেইমারদের ৩ গোলে জয়

স্পোর্টস ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

লিগ ওয়ানে আরও এক জয় পেয়েছে পিএসজি। লিলের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে উনাই এমেরির দল।

শনিবার রাতে ৩-০ গোলে জিতে পিএসজি। লিগের প্রথম পর্বে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল উনাই এমেরির দল।

একের পর এক আক্রমণ করা পিএসজি গোলের দেখা পায়নি প্রথম ৪৫ মিনিটে। ওই অর্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোল পায় লিগে টানা তিন ম্যাচ জিতে লিলের মাঠে আসা পিএসজি। কাভানিকে লক্ষ্য করে নেইমারের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড় হেড করার ফেরানোর পর সামনে পেয়ে যান ইউরি বেরচিচে। নিচু শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ডিফেন্ডার।

৭৭তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় পুরো ম্যাচে দারুণ খেলতে থাকা নেইমারের। রক্ষণ দেয়ালের উপর দিয়ে মাপা ফ্রি-কিকে উপরের ডান কোণ দিয়ে বল জালে পাঠান ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ১৮তম গোল।

৮৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিখুঁত চিপে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো বল জালে পাঠালে জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির।

২৪ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আছে পিএসজি। শনিবার অন্য ম্যাচে মেতজকে ৬-৩ গোলে হারানো অলিম্পিক মার্শেই ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.