Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টিতে কি খেলতে পারছেন সাকিব ?

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তখন থেকেই ধারণা করা হচ্ছিল টেস্ট সিরিজে না থাকলেও দুই ম্যাচের টি-টোয়েন্টিতে দেখা যাবে নিয়মিত এই অধিনায়ককে। কিন্তু ইনজুরিতে পড়া সাকিবকে নিয়ে ভয় এখনো কাটেনি বলে গতকালই জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এদিকে এখনও সাকিবের পক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা নিয়ে খানিক ধোঁয়াশা এখনো রয়েই গেছে। প্রধান নির্বাচক নান্নুর কথা শুনে মনে হচ্ছে তারা ধরেই নিয়েছেন প্রথম ম্যাচ মিস করবেন সাকিব। তবে পরের ম্যাচে হয়তো তার সার্ভিস পেতেও পারে বাংলাদেশ।

তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজও জানান, গ্যারান্টি দিয়ে বলা যাবে না সাকিব কত দিনের মধ্যে ফিট হবে। তাই আমরা বলতে পারবো না সাকিব এই সিরিজে মাঠে ফিরতে পারবে না। আবার মাঠে ফিরতে পারবে এটাও বলতে পারবো না। শনিবার আমরা তার হাতের ব্যান্ডেজ খুলে দেখেছি এখনো কিছুটা ব্যথা আছে।

প্রসঙ্গত, এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সাকিব। পরে ওই ম্যাচে আর খেলা হয়নি তার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও মাঠের বাইরে থাকেন সাকিব।

আগামী ১৫ ফেব্রুয়ারি  মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.