Sylhet Today 24 PRINT

দুই ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

এস্পানিওল ও গেতাফের বিপক্ষে শেষ দুই ম্যাচে ড্রয়ের পর এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে বার্সেলোনা।

শনিবার এইবারের মাঠে ২-০ জিতেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান জর্দি আলবা।

এস্পানিওলের মাঠে ১-১ ড্র করার পর গত সপ্তাহে ঘরের মাঠে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল এরনেস্তো ভালভেরদের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার নিজেদের রেকর্ড স্পর্শ করলো ভালভেরদের শিষ্যরা। এর আগে ২০১০-১১ মৌসুমে পেপ গুয়ার্দিওলার অধীনে রেকর্ডটি গড়েছিল বার্সেলোনা।

১৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেস। লিগে উরুগুয়ের স্ট্রাইকারের এটি ১৭তম গোল।

৬৬তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। সের্হিও বুসকেতসকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন পাপে দিউপ। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলে পাঞ্চ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শুরু থেকে দারুণ খেলা চিলির মিডফিল্ডার ওরেয়ানা। খানিক পর রেফারির আরেকটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দলটির কোচ হোসে লুইস মেন্দিলিবার ডাগআউট থেকে বহিষ্কৃত হন।

এক জন কম নিয়ে বাকি সময়ে ভালোই লড়াই করে সপ্তম স্থান থাকা এইবার। তবে ৮৮তম মিনিটে জয় নিশ্চিত করেন আলবা।

২৪ ম্যাচে ১৯ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬২। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২২ ম্যাচে ৪২।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে খেলতে যাবে বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.