Sylhet Today 24 PRINT

পিএসএল খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। রাত পৌনে ১টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন তারা।

পিএসএলে মাহমুদউল্লাহকে ধরে রেখেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজকে কিনেছে লাহোর কালান্দার্স। এবারই প্রথম পিএসএল খেলবেন বাঁহাতি এই পেসার।

পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে এখনো ভিসা না পাওয়ায় আজ যেতে পারছেন না তামিম। ভিসা পেলেই তিনি আমিরাতে উড়াল দেবেন। আর সাকিব আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় প্রথম দিকের কিছু ম্যাচ খেলতে পারবেন না।

আগামী ৪ মার্চ পর্যন্ত পিএসএলে খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তারা সরাসরি কলম্বোতে জাতীয় দলকে রিপোর্ট করবে। নিদাহাস ট্রফি নামের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ৪ মার্চ।

স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতকে নিয়ে নিদাহাস ট্রফি শুরু হবে ৬ মার্চ, আর ফাইনাল হবে ১৮ মার্চ। জানা গেছে, শ্রীলঙ্কা সফর শেষে ক্রিকেটাররা আবার পিএসএলে খেলতে যেতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.