Sylhet Today 24 PRINT

রোনালদোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল আর করিম বেনজেমা ও গ্যারেথ বেলের গোলে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে আলাভেসকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচের ৪৪তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রস বেনজেমা হয়ে রোনালদোর কাছে এলে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বেনজেমা বল ধরে অনেকটা এগিয়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা বেলকে পাস দেন। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে বেনজেমার পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বেলের নেওয়া জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।  

৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রোনালদো। বেলের পাস ধরে ডান দিক থেকে লুকাস ভাসকেস বল বাড়ান ডি-বক্সে। আর প্রায় ১২ গজ দূর থেকে ডান পায়ের নিচু শটে লিগে নিজের ১৪তম গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ চার ম্যাচ খেলে আট গোল করলেন রোনালদো। ৮৯তম মিনিটে সফল স্পট কিকে গোল করেন বেনজেমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.