Sylhet Today 24 PRINT

ছুটির দিনে সাকিব কন্যার খেলার সঙ্গী প্রধানমন্ত্রী!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটু অন্যরকমের ভালোবাসা। শত ব্যস্ততার মাঝেও সাকিব-মাশরাফিদের উৎসাহ দিতে মাঝেমধ্যেই মাঠে ছুটে যান তিনি। এবার বাংলাদেশের গর্ব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সপরিবারে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়ে উচ্ছ্বাসে রীতিমত ছুটোছুটি করেছে সাকিবের মেয়ে আলাইনা হাসান অব্রি। প্রধানমন্ত্রীও পরম মমতায় তাকে কোলে জড়িয়ে নিয়েছেন, খুনসুটি আর দুষ্টুমিতে সময় কাটিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার এসব ভিডিও ছবি শুক্রবার রাতে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

শিশিরের পোস্ট করা ভিডিওতে দেখা যায়। নানা রঙের বলের ছুড়ির ভেতর বসে আছে আলাইনা।

তার কাছে গিয়ে প্রথমে সবুজ রঙের বল হাতে নিয়ে প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা এটা?

আলাইনার উত্তর- ‘গ্রিন’।‘এটা?’ আরেকটি বল তুলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। ফের সঠিক উত্তর আলাইনার, ‘রেড।’ ‘এটা?’ এবারও দশে দশ আলাইনার- ‘ইয়ালো।’ খুশি প্রধানমন্ত্রী বলেন, ‘সব জানে সে!’

এসময় ভিডিওর পেছনে সাকিব আল হাসানের কণ্ঠও শোন যায়। শিশির ভিডিওর সঙ্গে পোস্ট করেছেন কয়েকটি ছবি। তাতে দেখা যায় একুরিয়ামে আলাইনাকে মাছ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। একটি ছবিতে মোবাইল ফোনে আলাইনাকে কিছু একটা দেখাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত ফ্রেমবন্দী করে পোস্টে উচ্ছ্বসিত শিশির লিখেছেন, ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটায় আলাইনা! তিনি এমনই মমতাময়ী আর যত্নশীল মানুষ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.