Sylhet Today 24 PRINT

শরীফগঞ্জ ইলেভেন স্টার ফুটবল টুর্নামেন্টে কামালগঞ্জ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুন, ২০১৫

জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শরীফগঞ্জ ইলেভেন স্টার ফুটবল টুর্নামেন্টে কামালগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তারেক ইভেন্ট গণিপুরকে ৪-০ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে মাঠে আসেন কয়েক হাজার দর্শক। দর্শকদের তুমুল করতালি ও উৎসাহ-উদ্দিপনার মধ্যে শুরু হয় খেলা। কিন্তু খেলার শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে তারেক ইভেন্ট। কামালগঞ্জ দলের খেলোয়াড়দের একের পর এক আক্রমনে অনেকটা ছন্নছাড়া খেলতে থাকেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। ফলে খেলার প্রধমার্ধেই ৩ গোল হজম করতে হয় তারেক ইভেন্টকে। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০ গোলে। কামালগঞ্জ একাদশের পক্ষে খালেদ ২টি এবং তাজুল ও কামরুল ১টি করে গোল করেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, সুলতানপুর ইউপি চেয়ারম্যন ইকবাল আহমদ চৌধুরী একল, বারঠাকুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান নসির উদ্দিন প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.