Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার দুপুর একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কলম্বোর উদ্দেশে রওনা হয় টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছেছেন তারা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চার ক্রিকেটারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ শনিবার রাতে ঢাকা ফিরেন। আজ দলের সঙ্গেই তিনি শ্রীলঙ্কা পৌঁছেছেন। এর বাইরে পিএসএলে খেলা তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান দুবাই থেকে সরাসরি কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, প্রতিপক্ষ ভারত।

সিরিজে লিগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপর পয়েন্ট টেবিলে সেরা দুইটি দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৪ মার্চ টাইগারদের প্রতিপক্ষ ভারত। ১৬ মার্চ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সিরিজে ১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
মাহমদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.