Sylhet Today 24 PRINT

আইপিএলের উদ্বোধনীর সূচি ও ভেন্যু পরিবর্তন, কমেছে বাজেট

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ তম আসরের উদ্বোধনীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৬ এপ্রিল। তা একদিন পিছিয়ে ৭ এপ্রিল করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এছাড়া পরিবর্তন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু। ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এর আগে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টের খেলার সূচি অপরিবর্তিতই থাকছে।

এদিকে সূচি ও ভেন্যু পরিবর্তনের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট কমিয়ে ফেলা হয়েছে। ৫০ কোটি ভারতীয় রুপি থেকে নেমে এসেছে ৩০ কোটিতে।

৭ এপ্রিল উদ্বোধনীর দিনই একই মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। দুই মৌসুমে নিষেধাজ্ঞার পর এবার ফিরেছে চেন্নাই। ২৭ মে ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।

বাংলাদেশ থেকে আইপিএলে দুই ক্রিকেটার প্রতিনিধিত্ব করছেন। এবারের নিলামে দুই কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানের জায়গা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.