Sylhet Today 24 PRINT

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

পাওলো দিবালার জোড়া গোলে উদিনেজেকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

রোববার ঘরের মাঠে শুরু থেকেই উদিনেজেকে চেপে ধরে জুভেন্টাস। এগিয়ে যেতেও সময় লাগেনি। ২০ মিনিটে দিবালার নৈপুণ্যে লিড পায় দলটি। প্রায় ২২ গজ দূর থেকে ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এর পর একাধিক আক্রমণ শানালেও গোল পায়নি জুভেন্টাস। ফলে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে চেনা ছন্দেই দেখা যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফলে ক্ষণিকের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই দিবালা। এবার বলের জোগানদাতা গঞ্জালো হিগুয়েইন। জাতীয় দলের সতীর্থ ফরোয়ার্ডের পাস ধরে গোলটি করেন আর্জেন্টাইন তরুণ সেনসেশন।

এ নিয়ে চলতি লিগে দিবালার গোলসংখ্যা দাঁড়াল ১৭টি। ছন্দে ফেরার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন তিনি।

২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে জুভেন্টাস। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নাপোলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.