Sylhet Today 24 PRINT

সিলেট সিক্সার্সের নতুন কোচ ওয়াকার ইউনুস

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দল সিলেট সিক্সার্সের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস। ২০১৮ ও ২০১৯ আসরের জন্য তাকে নিয়োগ দিয়েছে দলটি।

গত আসলে ওয়াকার ইউনুস ছিলেন দলটির এম্বাসেডর ও মেন্টর এবং হেড কোচ ছিলেন জাফরুল এহসান।

ওয়াকার ইউনুসকে কোচ হিসেবে পাওয়ার বিষয়ে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ বলেন, আমাদের দলে একজন কিংবদন্তিকে পেয়ে আমরা সম্মানিতবোধ করছি। গেল বছর তিনি আমাদের অ্যাম্বাসেডর ও মেন্টর ছিলেন। আসলে তাকে আমরা পূর্ণকালীন কোচ হিসেবে পেতে আগ্রহী ছিলাম। অবশেষে তিনি আমাদের সঙ্গে লম্বা মেয়াদে চুক্তি করেছেন। বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দের।

ওয়াকার ইউনুস বলেন, বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাতি। সেখানে কাজ করাটা সত্যিই আনন্দের। বাংলাদেশ বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা আটটি দলের একটি। তারা ভালো ক্রিকেট খেলছে। আসলে তাদের মতো একটি দেশের খেলোয়াড়দের উন্নতিতে অবদান রাখতে পারাটা সব সময় সন্তুষ্টিদায়ক।

প্রসঙ্গত, গত বছরের পর সিলেট সিক্সার্সেও বেশ পরিবর্তন এসেছে। নতুন মালিক এসেছেন, অন্যান্য জায়গায়ও এসেছে পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার কোচের দায়িত্বয়ে পরিবর্তন এনেছে দলটি। ২০০৪ সালে অবসর নেওয়ার পর দুইবার পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিল ওয়াকার ইউনুস। এরপর দুইবার পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৩ সালে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন পাকিস্তানের এই খেলোয়াড়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.