Sylhet Today 24 PRINT

রানার মৃত্যুদিনে কি আবার জ্বলে উঠবে বাংলাদেশ?

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৮

আজ ১৬ মার্চ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মানজারুল ইসলাম রানার ১১ তম মৃত্যুবার্ষিকী। আর এ দিনটিতেই কলম্বোর আর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তাহলে ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে আজ কি বাংলাদেশ দল একটু বেশি উজ্জীবিত? আজ শুধু মানজারুল ইসলাম রানারই মৃত্যুবার্ষিকী নয় একই সঙ্গে মৃত্যুবার্ষিকী খুলনা বিভাগীয় দলের সাবেক ক্রিকেটার সাজিদুল ইসলাম সেতুর।

তবে সাবেক এই ক্রিকেটারের মৃত্যুদিবসে শোককে শক্তিতে পরিণত করে এর আগে দু’বার ভারতকে ও একবার আফগানিস্তানকে বধ করেছিল বাংলাদেশ। তাহলে রানার মৃত্যুবার্ষিকীতে কি আজও তার জন্য বাংলাদেশকে আরেকটি জয় উপহার দেবে টাইগাররা?

২০০৭ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিশ্রুতিশীল ক্রিকেটার রানা। একই সঙ্গে প্রাণ যায় খুলনা বিভাগীয় দলের আরেক ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতুর। পরদিনই ছিলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। রানা-সেতুর মৃত্যুর দুঃসংবাদটি তাই বিমূঢ় করে দিয়েছিল গোটা বাংলাদেশ দলকে।

কিন্তু সেই শোককে বাংলাদেশ দল শক্তিতে পরিণত করেছিল। বিশ্বকাপে যে ভারত-বধ করেছিল বাংলাদেশ। পোর্ট অব স্পেনে বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল শক্তিশালী ভারত।

২০১২ সালে রানার ঠিক মৃত্যুদিনে আরেকবার ভারত-বধ করেছিল বাংলাদেশ। সেটি ছিল আবার শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিন। এশিয়া কাপে ঢাকায় ২৯০ রান তাড়া করে ভারতকে ৫ উইকেটে হারিয়ে টেন্ডুলকারের শততম সেঞ্চুরি ম্লান করে দিয়েছিল বাংলাদেশ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দিনেই ঢাকায় আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

রানার মৃত্যুদিনে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ অবশ্য ভারত কিংবা আফগানিস্তান নয়, শ্রীলঙ্কা। তবে আজ জিতলেই ১৮ মার্চ নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রানার মৃত্যুদিনে আজ আবার জ্বলে উঠবে বাংলাদেশ দল?

উল্লেখ্য, ২০০৭ সালে মোটরসাইকেলে ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতুকে নিয়ে খুলনার চাকনগরে খেতে যান রানা। ডুমুরিয়া উপজেলার একটি ব্রিজে আসার পর অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান ২৩ বছর বয়সী রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.