স্পোর্টস ডেস্ক | ১৬ মার্চ, ২০১৮
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মঞ্চই তৈরি হয়ে গেল এবারের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র ভাগ্য রিয়াল মাদ্রিদের সামনের দাঁড় করিয়েছে জুভেন্টাসকে। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা প্রতিপক্ষ পেয়েছে ইতালিয়ান ক্লাব রোমাকে।
শুক্রবার (১৬ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নের ড্র অনুষ্ঠানে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ইংলিশ দুই ক্লাব ম্যানচেস্টার সিটি-লিভারপুলকে। আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে।
গত বছর কার্ডিফের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-জুভেন্টাস। যদিও টানা দ্বিতীয় শিরোপা জিততে বেগ পেতে হয়নি রিয়ালকে, ইতালিয়ান চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বিজয় নিশান ওড়ায় মাদ্রিদের ক্লাবটি। তাই গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এবারের কোয়ার্টার ফাইনালে।
তাছাড়া রিয়ালকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ ষোলোর লড়াইয়ে দাঁড়াতে হয়েছিল তাদের ইউরোর ঝনঝনানিতে গড়া প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে। খারাপ সময় পেছনে ফেলে ফরাসি ক্লাবটিকে উড়িয়ে ঠিকই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এখন রিয়ালের চোখ হ্যাট্রিক শিরোপায়।
বার্সেলোনা অবশ্য পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ইতালিয়ান লিগে তৃতীয় স্থানে থাকা রোমার বাধা পেরোতে হবে তাদের সেমিফাইনালে যেতে।
এবারের কোয়ার্টার ফাইনালের লাইনআপ:
বার্সেলোনা-রোমা
বায়ার্ন মিউনিখ-সেভিয়া
রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস
ম্যানচেস্টার সিটি-লিভারপুল