Sylhet Today 24 PRINT

এ দিনতো বাংলাদেশের জয়েরই দিন

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৮

মানজারুলকে হারানোর দিন বাংলাদেশ জয় পায় এ আবার নতুন কি! আর এর ব্যতিক্রম হয়নি আজকের ম্যাচেও। আবারো মানজারুলকে হারানোর দিনে ত্রিদেশীয় নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

এবার ফিরে যাই পুরনো ইতিহাসে। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনের সেই ম্যাচ নিশ্চয়ই মনে আছে? আগের দিন সড়ক দুর্ঘটনায় চলে গেলেন মানজারুল। খবরটি তীর হয়ে বিঁধেছিল মাশরাফি বুকে। শুধু জাতীয় দল সতীর্থই নয়, অভিন্নহৃদয়ের বন্ধু ছিলেন দুজন। মানিকজোড়! মানজারুল সেই জোড় ভেঙে চলে গেলেন। পরদিন মাশরাফি তাঁর অধিনায়ককে বললেন, ‘সুমন ভাই, ম্যাচটা রানার জন্য জিততে হবে।’ সে ম্যাচে জিতেও যায় বাংলাদেশ। এ দিয়েই শুরু।

এর পর আসি ১৬ মার্চ ২০১২। এশিয়া কাপে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের কথায়, বাংলাদেশের সমর্থকদের জন্য ওই ম্যাচটি ভুলে যাওয়া বেশ কঠিন। সবার মনে আছে তো নিশ্চয়ই? ভারতকে হারিয়ে বাংলাদেশের সামনে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে খেলার সুযোগ। ভারতের দেওয়া ২৮৯ রান টপকে বাংলাদেশ পায় ৫ উইকেটের জয়। আর উঠে যায় ফাইনালে।

বাংলাদেশের সাথে সাথে ভারতও এই দিনটা স্মরণ করে। তবে বাংলাদেশের জিতে যাবার জন্য বা ভারত হেরে যাবার জন্য নয়। দিনটি স্মরণ করে শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির জন্য। এদিন ক্রিকেটের এ লিটল মাস্টার বাংলাদেশের বিপক্ষে তার ক্যারিয়ারের ১০০তম সেঞ্চুরিটি করেছিলেন।

তবে সে দিনটি উদযাপন করতে পারেননি শচিন ও তার দল। সেদিন ম্যাচ সেরা হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে প্রথমে বল হাতে তার দিনটা মোটেও ভালো যায়নি সেদিন তার। ১০ ওভার বল করে ৬৩ রান দিয়ে কোন উইকেট নেই সাকিবের নামের পাশে।

তারপরও সে দিনটা তো ছিল সাকিবেরই। ব্যাট হাতে মাত্র ৪৯ রান করলেন; কিন্তু তিনিই ম্যাচ সেরা। অথচ তামিম ৭০, নাসির ৫৪ ও জহুরুল ৫৩ রান করেও ম্যাচ সেরা হতে পারলেন না। সাকিবের ওই ৪৯ রানের মাহাত্ম ছিল।

এরপর ১৬ মার্চ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দিনেই ঢাকায় আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

তাহলে অবশেষে বলেতে হয় মানজারুল অলক্ষ্যে বসে বাংলাদেশকে জিতিয়েই চলছেন! নইলে তাঁর চলে যাওয়ার দিন এলেই বাংলাদেশ কেনই জিতে যায়? আর কেনই বা জ্বলে উঠে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.