Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে নিয়ে চিন্তিত ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। পুরো দল এখন উজ্জীবিত। এখানেই যত ভয় ভারতের। টাইগারদের লড়াকু মনোভাবে রোহিত শর্মাদের কপালে চিন্তার ভাঁজ।

বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে দারুণ দুটি ম্যাচ জিতেছে। তাছাড়া দলের অধিনায়ক সাকিব আল হাসান ফিরে আসায় সাহসী বাংলাদেশকে সমীহ করছেন ভারতের এই ব্যাটসম্যান।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের শিরোপা নির্ধারণীতে নামার আগে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক টিম ইন্ডিয়া। রোববার (১৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

নিদাহাস ট্রফিতে দলের মূল কয়েকজন খেলোয়াড় না এলেও ভারতই প্রথম ফাইনাল নিশ্চিত করেছে। তবে উপমহাদেশের মাটিতে বাংলাদেশকে সহজ করে দেখার সুযোগ নেই বলে মনে করেন দিনেশ কার্তিক।

তিনি বলেন, 'এখানে বাংলাদেশ খুব ভালো দল। জেতার জন্য তারা আলাদা তাড়না অনুভব করে। তারা বেশি দিন টেস্ট মর্যাদা পায়নি; কিন্তু এই সময়েই তারা তিন ফরমেটেই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। তাছাড়া দলের অধিনায়ক সাকিব আল হাসান দলে যোগ দেওয়ার তাদের শক্তি বেড়ে গেছে।'

বাংলাদেশের বিপক্ষে খেললে সবসময় চাপটা নিজেদের ওপর থাকে বলেও জানিয়েছেন দিনেশ কার্তিক। তিনি বলেন, 'আমরা বাংলাদেশের বিপক্ষে জিতলে সবাই বলে ঠিক আছে। জেতারই কথা। কিন্তু হেরে গেলে সবাই বলবে এটা কি হলো! বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে তোমারা!'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.