Sylhet Today 24 PRINT

জাতীয় দলের সহকারি কোচ হ্যালসলের পদত্যাগ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

নিদহাস ট্রফির আগে গুঞ্জন ছিল বাধ্যতামূলক ছুটিয়ে পাঠানো হয়েছে জাতীয় দলের সহকারি কোচ রিচার্ড হ্যালসলকে। সে সময় হ্যালসলের ব্যাপারে খোলাসা না করতে চাইলেও আজ (মঙ্গলবার) বিসিবি জানিয়েছে এই কোচ পদত্যাগ করেছেন, আর তা গ্রহণও করেছে বোর্ড।

যে মুহূর্তে হ্যালসলকে রেখে ওয়ালশকে দায়িত্ব দেওয়া হয়, তখনই ছড়ায় গুঞ্জন- বাংলাদেশ ক্রিকেটে হ্যালসল-অধ্যায় বোধহয় শেষ! নিদাহাস ট্রফির আগে শুরু হওয়া সেই গুঞ্জন অবশেষে পেল সত্যতা।

মঙ্গলবার (২০ মার্চ) আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে তা জানায় বিসিবি। বিসিবির বিবৃতিটিতে আছে হ্যালসলের মন্তব্যও। যাতে তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের, আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ভবিষ্যৎ সাফল্যের।

প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর দেওয়া মন্তব্যে বিসিবি বলছে, 'পারিবারিক বিবেচনায় তিনি সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি চেয়েছেন পরিবারের সঙ্গে থাকতে, বিশেষ করে তার অসুস্থ পিতার পাশে। বিসিবি তার এই অগ্রাধিকারকে সম্মান জানাচ্ছে এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।'

একসময় ইংল্যান্ড দলে অ্যান্ডি ফ্লাওয়ারের সহকারীর দায়িত্বে থাকা হ্যালসল বাংলাদেশে আসেন ২০১৪ সালের শেষদিকে। দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের। শুরুতে তার সঙ্গে চুক্তি ছিল দুই বছরের। পরে পদোন্নতি দিয়ে তাকে চণ্ডিকা হাথুরুসিংহের সহকারী করা হয়।

হ্যালসলের বিদায়ের ফলে বাংলাদেশ দলে এখন কোচিং স্টাফের প্রধান দুটি পদই ফাঁকা হয়ে গেল। এর মধ্যে প্রধান কোচের দায়িত্বে থাকা হাথুরুসিংহে গত নভেম্বরে চলে গেছেন নিজের ইচ্ছায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.