Sylhet Today 24 PRINT

৫৮ রানেই ধরাশায়ী ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০১৮

অকল্যান্ডে গোলাপি বলের ক্রিকেটে শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের। বেন স্টোকসের ফেরার দিনেও নিউজিল্যান্ডের সুইং বোলিংয়ে ধরাশায়ী হয়েছে অল্পতে। প্রথম ইনিংসে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং তোপে ৫৮ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। যা তাদের ষষ্ঠ সর্বনিম্ন দলীয় টেস্ট স্কোর!

শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ঘরোয়া কন্ডিশনের ফায়দা পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা। বিশেষ করে বোল্টের ১৩০ কি.মি. গতির বোলিংয়ে ব্যাট দিয়ে জবাব দিতে ব্যর্থ হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। যেখানে ডাক ছিল ৫টি। সর্বোচ্চ ৩৩ রানে অসহায়ভাবে অপরাজিত ছিলেন ওভারটন। স্টোকস শূন্য রানে বোল্ড হয়েছেন বোল্টের বলে। এছাড়া ডাবল ফিগারে ছিলেন স্টোনম্যান। আউট হওয়ার আগে ১১ রান করেন।

বোল্ট ও সাউদির মিলিত আক্রমণে ২৭ রানে ৯ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তাই সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডের কাছেই ছিল তারা। যদিও শেষ পর্যন্ত সেই লজ্জা আর পেতে হয়নি। টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোরের তালিকায় এটা তাদের ষষ্ঠ লজ্জা। ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোরটি ৪৫ রান। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার কাছে এত কম রানে গুটিয়ে গিয়েছিল। এরপর সব শেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫১ রানে গুটিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

কিউইদের হয়ে ৩২ রানে ৬ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২৫ রানে ৪টি নেন টিম সাউদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.