Sylhet Today 24 PRINT

৩ গোলে হারল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৮

বিশ্বকাপ প্রস্তুতির আন্তর্জাতিক প্রীতিম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে জয় পাওয়া পর্তুগাল। একাদশ মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান লিওঁর মিডফিল্ডার মেমফিস ডিপাই। ৩২তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল।

আর প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক হাফভলিতে ব্যবধান আরও বাড়ালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

৬১তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও কানসেলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় পর্তুগালের।

৬৮তম মিনিটে রোনালদোকে তুলে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে নামান কোচ। বাকি সময়ে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফের্নান্দো সান্তোসের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.