Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার জালে স্পেনের গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৮

বিশ্বকাপ প্রস্তুতির আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার জালে গোল উৎসব করেছে স্পেন।

মঙ্গলবার স্বাগতিক দলটি আর্জেন্টিনাকে হারায় ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছেন ইসকো। একটি করে গোল দিয়েগো কস্তা, থিয়াগো আলকানতারা ও ইয়াগো আসপাস। আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন নিকোলাস ওতামেন্দি।

এ ম্যাচের মাধ্যমে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকল স্পেন।

অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মাক্সিমিলিয়ানো মেসার ক্রস পেয়েও গনসালো হিগুয়াইন বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে।

এর চার মিনিট পর এগিয়ে যায় স্পেন। জিওভানি লো সেলসো নিজেদের ডি-বক্সের একটু সামনে বল হারান। আন্দ্রেস ইনিয়েস্তার পায়ে লেগে বল পেয়ে যান মার্কো আসেনসিও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ডিফেন্স চেরা পাসে ছুটে গিয়ে বাকিটা সারেন দিয়েগো কস্তা।

২৭তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি জর্দি আলবা। খুব কাছ থেকেও বল ওপর দিয়ে পাঠান এই ডিফেন্ডার। খানিক পর আসেনসিওর নিচু ক্রস জালে পাঠান অরক্ষিত ইসকো। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

৩৯তম মিনিটে ব্যবধান কমান ওতামেন্দি। কর্নার থেকে লাফিয়ে হেডে দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আসপাসের পাস থেকে বল পেয়ে ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইসকো।

চার মিনিট পর ব্যবধান ৪-১ করে ফেলেন থিয়াগো। আর্জেন্টিনার ডি-বক্সে অতিথিদের তালাগোল পাকানোর সুযোগ নিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে আর্জেন্টিনার জালে বল পাঠান আসপাস। দুই মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইসকো। স্পেন ৬-১ গোলে এগিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.