Sylhet Today 24 PRINT

টানা ১১ জয়ের পর কলম্বিয়ার কাছে ধরাশায়ী ব্রাজিল, নেইমারের লাল কার্ড

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০১৫

খেলার শুরু থেকেই পরিকল্পনাহীন ফুটবল খেলা ব্রাজিলকে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হল। টানা ১১টি ম্যাচ জিতে কার্লোস দুঙ্গার দল উড়ছিল। ব্রাজিলকে মাটিতে নামিয়ে গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের প্রতিশোধও নিল কলম্বিয়া। আর খেলা শেষের উত্তেজনায় লাল কার্ড পেলেন নেইমার ও কলম্বিয়ার বাক্কা।

চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ম্যাচের শুরুতে দুই দলই দ্রুতগতির খেলা শুরু করে। তবে একটু পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলম্বিয়া। দলের তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের কয়েকটি ক্রস ব্রাজিলের ডি-বক্সে বিপদ তৈরি করে।

সপ্তদশ মিনিটে হামেস রদ্রিগেস বাঁ থেকে বিপজ্জনক একটি ক্রস বাড়িয়েছিলেন ব্রাজিলের ডি বক্সে। মিরান্দা কর্নারের বিনিময়ে তা বিপদমুক্ত করেন। ৩১তম মিনিটে দূরপাল্লার শট নিয়েছিলেন কার্লোস সানচেস; মিরান্দার গায়ে লেগে তা গোলপোস্টের একটু বাইরে দিয়ে যায়।

একের পর এক আক্রমণের সুফল একটু পরেই পায় কলম্বিয়া। ৩৬তম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ফ্রি-কিক ডি-বক্সের ভেতর ব্রাজিলের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে পারেননি। জটলা থেকে দারুণ শটে গোল করেন ডিফেন্ডার জেইসন মুরিয়ো। দেশের হয়ে এটাই তার প্রথম গোল।

৪৩তম মিনিটে ডি-বক্সের সীমানা থেকে কুয়াদরাদোর শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ নষ্ট করে ব্রাজিল। আলভেসের ক্রসে নেইমারের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা। তবে বল জালে গেলেও লাভ হতো না। নেইমার ঠিকমতো হেড না দিতে পারায় তা তার হাতে লেগে যায়। ফলে হলুদ কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক। তবে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ফারমিনহো। কলম্বিয়ার গোলরক্ষকের ভুলে খালি বারেও বল জালে ঢুকাতে পারেননি তিনি।

ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে খেলাই শেষ হতেই ঘটে অনাকাংখিত ঘটনা। কলম্বিয়ার বাক্কা ও ব্রাজিলের নেইমার সংঘর্ষে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.