Sylhet Today 24 PRINT

রোমাকে হারাল বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০১৮

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোমাকে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে কাম্প নউয়ে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা।

বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেন জেরার্ড পিকে ও লুইস সুয়ারেস; অপর দুই গোল আত্মঘাতী, নিজেদের ভুলে নিজেরাই জালে জড়ান ইতালির ক্লাবটির খেলোয়াড়েরা।

রোমার পক্ষে গোলটি করেন জেকো।

বার্সেলোনা ৩৮তম মিনিটে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। আন্দ্রেস ইনিয়েস্তা বল বাড়াতে চেয়েছিলেন মেসিকে। ছুটে এসে স্লাইড করেন দানিয়েল দে রস্সি। রোমা অধিনায়কের পায়ে লেগে বল জড়ায় নিজেদের জালে।

৫৬তম মিনিটে আরেকটি আত্মঘাতী ব্যবধান দ্বিগুণ হয়। রাকিতিচের ক্রসে পা ছোঁয়াতে পারেনি সামুয়েল উমতিতি। কোস্তাস মানোলাসের স্লাইডে পোস্টে লেগে ফিরে বল। এবারও পা ছোঁয়াতে পারেননি উমতিতি। তবে মানোলাসের পায়ে লেগে এবার গোললাইন অতিক্রম করে বল।

৫৯ তম মিনিটে সুয়ারেসের শট ঠেকান আলিসন। একেবারে সামনে দাঁড়িয়ে থাকা জেরার্ড পিকের সামনে বল চলে আসলে সুযোগ হাতছাড়া করেননি তিনি। স্কোর লাইন হয়ে যায় ৩-০।

৮০তম মিনিটে পেরোতির কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান এদিন জেকো।

৮৭তম মিনিটে রোমার জালে বল পাঠান সুয়ারেস। দেনিস সুয়ারেসের ক্রস অতিথিদের এক খেলোয়াড়ের পায়ে লাগলে পেয়ে যান উরুগুয়ের স্ট্রাইকার। তার শট ফেরাতে পারেননি আলিসন। চলতি আসরে এটাই লুইস সুয়ারেসের প্রথম গোল!

রোমার মাঠে আগামী মঙ্গলবার হবে শেষ আটের ফিরতি লেগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.