Sylhet Today 24 PRINT

হার এড়াল পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

লিগ ওয়ানে শেষ মুহূর্তের প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়িয়েছে পিএসজি।

শুক্রবার লিগ টেবিলের নবম স্থানে থেকে খেলতে নামা ইচেনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শীর্ষে থাকা উনাই এমেরির দল।

ম্যাচে পিএসজি নামের প্রতি সুবিচার করতে পারেনি। শুরুতে গোল হজম করার পাশাপাশি বিরতির আগে ১০ জনের দলে পরিণত হয় দলটি।

ম্যাচের ১৭তম মিনিটে ছয় গজ বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলতো শটে জালে ঠেলে দেনে স্বাগতিক ফরোয়ার্ড রেমি কাবেলা।

৩১তম মিনিটে দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় পিএসজি। ফরাসি মিডফিল্ডার কাবেলার দুর্বল স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আঁলফুস আরিওলা।

৪৩তম মিনিটে ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে ফাউল করে হলুদ কার্ড দেখেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে ও ফরাসি ডিফেন্সিভ-মিডফিল্ডার লাসানা দিয়ারা।

৬২তম মিনিটে ফরাসি মিডফিল্ডার বাম্বা খুব কাছ থেকে গোল করতে ব্যর্থ হলে বেঁচে যায় এমেরির দল। ৭৪তম মিনিটে মরক্কোর ফরোয়ার্ড উসামা তান্নানের জোরালো শট ক্রসবারে লাগলে আরেক দফা বেঁচে যায় তারা।

দুই মিনিট পর ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন কিছুক্ষণ আগে পাস্তোরের বদলি নামা এদিনসন কাভানি। পাল্টা আক্রমণে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন আনহেল দি মারিয়া। তাকে প্রতিহত করতে এগিয়ে যান গোলরক্ষক। আর্জেন্টাইন ফরোয়ার্ড সুযোগ বুঝে ডান দিকে কাভানিকে বল বাড়ান। কিন্তু ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট শট নেন দলটির সর্বোচ্চ গোলদাতা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে কাভানির আরেকটি প্রচেষ্টা রুখে দেন ইচেনা গোলরক্ষক।

পরের মিনিটেই আত্মঘাতী গোলের শিকার হয় ইচেনা, পিএসজিও বেঁচে যায় হার থেকে। ডান দিক থেকে উড়ে আসা বল গোলমুখে ঠেকাতে গিয়েছিলেন ফরাসি ডিফেন্ডার মাথিউ দেবুচি। কিন্তু তার পায়ে লেগে বল চলে যায় জালে।

৩২ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট ৮৪। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা গতবারের চ্যাম্পিয়ন মোনাকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.