Sylhet Today 24 PRINT

মেসির গোলের খরা কাটবে আজ!

ক্রীড়া প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০১৮

সর্বশেষ খেলা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি, তাছাড়া নামের সঙ্গে গোল শব্দটাই যার সঙ্গে মানিয়ে যায় বেশ সেই মেসি কি গোল পাবেন এমন প্রশ্ন ওঠছে। কারণ আজ মেসির বার্সেলোনার মুখোমুখি ইতালিয়ান ক্লাব রোমা। ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মেসির গোল অধরা হয়ে আছে গত ৫ বছর। সর্বশেষ ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩৮ মিনিটে গোল পেয়েছিলেন মেসি। এরপর শেষ আটের ১০ ম্যাচ খেলে ফেলেছেন মেসি, কিন্তু আর গোলের দেখা পাননি তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই ৩ গোল করেছেন মেসি, কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কোন গোল পান নি। এমনকি মাঠেও ছিলেন অনেকটাই নিষ্প্রভ।

গত ৪ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্যাম্প-ন্যু‘তে রোমাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় বার্সেলোনা। ওই ম্যাচে রোমার ২ আত্মঘাতী গোলের সঙ্গে জেরার্ড পিকে ও লুইস সুয়ারেস একটি করে গোল করেন।

সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে বার্সেলোনা; অন্যদিকে রোমাকে জিততে হবে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে।

মেসি কি পারবেন গোলের খরা কাটাতে?

রাত ১২টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচ; দেখাবে সনি টেন-১।

এদিকে, দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রথম লেগে লিভারপুল ম্যাচ জিতেছিল ৩-০ গোলের ব্যবধানে। এ ম্যাচটি দেখাবে সনি টেন-২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.