Sylhet Today 24 PRINT

সাকিব-মুস্তাফিজ মুখোমুখি বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

ইতিমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর দারুণ ভাবে জমে উঠেছে। আইপিএলের এ আসরে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাদের দল আগামীকাল বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হবে।

দু'দলের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও যদি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ দলে সুযোগ পান তবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

প্রথম ম্যাচে শেষ ওভারে হারের পর মুস্তাফিজের দল মুম্বাই চাইবে হায়দরাবাদের বিপক্ষে তাদের মাঠে ঘুরে দাঁড়াতে। আর সাকিবের দল চাইবে জয়ের ধারায় থাকতে। তবে বাংলাদেশের সাকিব-মুস্তাফিজ সমর্থকদের কাছে এই ম্যাচের জয় পরাজয়ে কিছু যায় আসে না। তারা মাঠে বাংলাদেশের টি২০ ক্রিকেটের বড় দুই তারকাকে একসঙ্গে দেখতে চায়।

বাংলাদেশ ক্রিকেট ভক্তরা চান সাকিব আল হাসান হায়দরাবাদের হয়ে ব্যাটে-বলে  ভালো খেলুক। আর মুস্তাফিজ তার মায়াবী কাটার, স্লোয়ারে হায়দরাবাদ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করুক। তুলে নিক হায়দরাবাদের উইকেট।

প্রথম ম্যাচে অবশ্য হায়দরাবাদের হয়ে দারুণ বল করা সাকিবের খেলা অনেকটাই নিশ্চিত। তবে ভক্তদের মনে সামান্য সংশয় আছে মুস্তাফিজের খেলা নিয়ে। ওই ম্যাচে  ওভার প্রতি ১০ এর উপরে রান দিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার ফিজ। এছাড়া শেষ ওভারে রান আটকাতে পারেননি। যদিও তাতে মুস্তাফিজের দায় নেই।

তবে আশার কথা হলো প্রথম ম্যাচ হারের পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বোলারদের পাশে দাঁড়িয়েছেন। শিশিরের কারণে ভালো বল করতে বোলারদের সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। হায়দরাবাদের মাঠেও মুস্তাফিজের বেশ চেনা। সেখানকার উইকেটে মুস্তাফিজের বল ভালো হবে বলেই গত দুই আসরে ফিজকে তারা দলে ভিড়িয়েছিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.