Sylhet Today 24 PRINT

ভারতের আইজলকে বড় ব্যবধানে হারাল আবাহনী

স্পোর্টস ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

এএফসি কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। ভারতে খেলতে গিয়ে স্বাগতিক দল আই লিগের চ্যাম্পিয়ন আইজল এফসিকে বড় ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।

ভারতের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইজলকে ৩-০ব্যবধানে হারিয়েছে আবাহনী। ‘ই’ গ্রুপের আগের দুই ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ও ভারতের বেঙ্গালুরু এএফসির বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ক্লাব ফুটবলে অন্যতম সেরা দলটি।

বুধবার আইজলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই রুবেল মিয়ার গোলে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ১৯ মিনিটে এলিসন উডোকার গোলে ব্যবধান দিগুণ হয় আবাহনীর। বিশ্রামে যাওয়ার আগেই ব্যবধান ৩-০ করে ফেলে আবাহনী।৩৭তম মিনিটে সানডে চিজোবার হেড করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাপানি মিডফিল্ডার সেইয়া কোজিমা গোলরক্ষককে পরাস্ত করেন।

বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে আইজল ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। রুবেলের বদলি হিসেবে নামা নাবীব নেওয়াজ জীবনের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। শেষ দিকে গোলের জন্য আরও কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আবাহনী। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.