Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে সেমিতে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে অগ্রগামিতার সুবাদে জুভেন্টাসকে টপকে সেমিতে পৌঁছায় জিনদিনে জিদানের দল।

বুধবার শেষ আটের ফিরতি লেগে ৩-১ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৪-৩ এ এগিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

শেষ মিনিটের গোল করেন রোনালদো; গোলটি আসে পেনাল্টি থেকে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামি খেদিরার ক্রস পেয়ে হেডে গোল করেন মারিও মানজুকিচ।

শুরুর ধাক্কা কাটিয়ে গুছিয়ে ওঠা স্বাগতিকরা দশম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে। তবে গ্যারেথ বেলের ব্যাকহিল অল্পের জন্য লাগে পাশের জালে। তিন মিনিট পর দুরূহ কোণ থেকে জালে বল পাঠান ইসকো; কিন্তু অফসাইডের বাঁশি বাজে।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানজুকিচ। এবার সুইস ডিফেন্ডার স্টেফান লিশ্টস্টাইনারের ক্রসে হেডে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলবঞ্চিত হয় রিয়াল। ফরাসি ডিফেন্ডার ভারানের হেড ক্রসবারে বাধা পায়।

৫৮তম মিনিটে রোনালদোর শট ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি বুফ্ফন।

৬০তম মিনিটে নাভাসের ভুলেই তৃতীয় গোল খায় রিয়াল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তার ক্রস হাত ফসকে বেরিয়ে যাওয়া বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩।

এরপর অন্তিম সময়ে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো; দলকেও পৌঁছে দেন সেমিফাইনালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.