Sylhet Today 24 PRINT

রেফারিকে ‘পশু’ বললেন বুফন

ক্রীড়া প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৮

শেষ মুহূর্তের পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারিকে পশুর সঙ্গে তুলনা করেছেন। ক্ষুব্ধ এই গোলকিপার বলেন, ‘ম্যাচের ৯৩ মিনিটের মতো গুরুত্বপূর্ণ সময়ে কোনো দলকে পেনাল্টি উপহার দেওয়া মানে আপনি আর মানুষ নন বরং পশু।’

বুধবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জুভেন্টাস। কিন্তু ওই সময় পেনাল্টি বক্সে এক ফাউলের কারণে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

বুফনসহ অন্য খেলোয়াড়রা রেফারি মাইকেল অলিভারের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বুফনকে। বুফনের অনুপস্থিতিতে নতুন গোলরক্ষক ম্যাচের এমন টার্নিং মুহূর্তে চাপ সামলাতে পারেননি।

বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এসময় পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে পৌঁছে দেন সেমিফাইনালে; বাদ পড়ে জুভেন্টাস।

লিগ থেকে বাদ পড়লেও বুফন তাঁর দলের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘আমি স্বাভাবিক আছি। জীবন থেমে থাকবে না।আমি আমার টিম নিয়ে দারুণ খুশি। আমরা ম্যাচে অবিশ্বাস্য কিছুই করেছিলাম। কিন্তু ম্যাচ শেষ হলো এমন লজ্জাজনক ঘটনার মধ্যে দিয়ে।’

ম্যাচে জুভেন্টাস ৩-১ গোলের ব্যবধানে জিতে। কিন্তু দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকায় রিয়াল পৌঁছায় সেমিফাইনালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.