Sylhet Today 24 PRINT

মোস্তাফিজের দুরন্ত বোলিং, সাকিবদের জয়

স্পোর্টস ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিং জয়ের আশা দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে; তবে শেষ পর্যন্ত শেষ বলের বাউন্ডারিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।

টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে মুম্বাই।

জয়ের জন্যে ব্যাট করতে নেমে শেষ দিকে দারুণ উত্তেজনায় জমে ওঠে ম্যাচ। তুমুল উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

জয়ের জন্য ১২ বলে প্রয়োজন তখন ১২ রান। অসাধারণ এক ওভারে মাত্র এক রান দিয়ে মোস্তাফিজ নিলেন দুটি উইকেট।

মোস্তাফিজের দুর্দান্ত ওভারের পর শেষ ওভারে হায়দরাবাদের দরকার ছিল ১১ রান। বেন কাটিংয়ের করা প্রথম বলেই ছক্কা মারেন দিপক হুডা। পরের বল ওয়াইড। পরের চার বলে আসে তিন রান। শেষ বলে দরকার ছিল এক রান। শেষ ব্যাটসম্যান বিলি স্ট্যানলেক বল পাঠান বাউন্ডারিতে।

মোস্তাফিজ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সেই তুলনায় একই ম্যাচে প্রতিপক্ষ দলে খেলা সাকিব তুলনায় ছিলেন বিবর্ণ। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে করেছেন ১২ বলে ১২ রানে।

সাকিব বোলিংয়ে আসেন সপ্তম ওভারে। ততক্ষণে মুম্বাই হারিয়ে ফেলেছে আরেক ওপেনার এভিন লুইস (১৭ বলে ২৯) ও তিনে নামা ইশান কিশানকেও। প্রথম ওভারে সাকিব দেন মাত্র ১ রান।

দ্বিতীয় ওভারে সাকিবের ওপর খানিকটা চড়াও হন ক্রুনাল পান্ডিয়া। তবে প্রথম ৪ বলে ১৩ রান হজমের পর এই বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরান সাকিব। শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ নেন কেন উইলিয়ামসন। পরের দুই ওভারে অবশ্য খুব বেশি সুবিধে করতে পারেননি সাকিব। স্পেল শেষ করেন ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেটে।

মুম্বাইয়ের হয়ে ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ২৮ করেন কাইরন পোলার্ড। ৪ ওভারে ১৮ ডট বলসহ মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান। মুম্বাই করতে পারে ৮ উইকেটে ১৪৭।

রান তাড়ায় হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লের ৬ ওভারে দুজন তোলেন ৫৬ রান। একতরফা হতে থাকা ম্যাচে মুম্বাইকে লড়াইয়ে ফেরান এখনও পর্যন্ত এবারের আইপিএলের বড় চমক মায়াঙ্ক মারকান্ডে। ঋদ্ধিমানকে ফিরিয়ে ভাঙেন জুটি। এরপর ফিরিয়ে দেন ২৮ বলে ৪৫ রান করা ধাওয়ানকেও।

মাঝে মোস্তাফিজ আউট করেন উইলিয়ামসনকে। মনীশ পান্ডে এরপর উইকেট বিলিয়ে আসেন মারকান্ডেকে উড়িয়ে মারতে গিয়ে। পাঁচে নেমে সাকিব খেলছিলেন ধীরেসুস্থেই। মোস্তাফিজকে কাট করে বাউন্ডারিও মারেন। কিন্তু মারকান্ডের স্পেলের শেষ বলটি টেনে আনেন স্টাম্পে।

আগের ম্যাচে আইপিএল অভিষেকে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মারকান্ডে। ২০ বছর বয়সী আনকোরা লেগ স্পিনারের শিকার এবার ২৩ রানে চারটি।

শুরুটা ভালো ছিল বলে রান রেটের চাপ ছিল না হায়দরাবাদের। দিপক হুডা ও ইউসুফ পাঠান দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু পরপর জাসপ্রিত বুমরাহ পরপর দুই বলে পাঠান ও রশিদ খানকে ফিরিয়ে আবার জমিয়ে দেন ম্যাচ।

এরপর শেষ দুই ওভারের নাটকীয়তা। ১২ বলে ১২ রানের আপাত সহজ সমীকরণ পাল্টে দেন মোস্তাফিজ। প্রথম বলে এক রান নেন হুডা। পরের দুই বলে রান নেই। চতুর্থ বলে দুর্দান্ত ফিরতি ক্যাচে ফেরান সিদ্ধার্থ কাউলকে। পরের বলে আবার রান নেই। শেষ বলে আউট সন্দ্বিপ শর্মা। ২৫ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে হায়দরাবাদের নায়ক হুডা।

এই নিয়ে সাকিবের দল জিতল টানা দুই ম্যাচ, মোস্তাফিজের দল হারল টানা দুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.