স্পোর্টস ডেস্ক | ১৩ এপ্রিল, ২০১৮
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে জুভেন্টাস। ফিরতি লেগে শেষ মুহূর্তে পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয় তাদের।
ওই পেনাল্টি নিয়ে নানা কথা হচ্ছে। জুভেন্টাস সমর্থকদের কেউ সেটা মানতে পারছেন না, তবে জুভেন্টাস কিংবদন্তি আন্দ্রে পিরলো বলছেন ওটা পেনাল্টি ছিল। তবে তার অভিমত রেফারি চাইলে সেটা এড়িয়ে যেতে পারতেন।
‘তুরিনের ওল্ড লেডি’দের হয়ে টানা চারবার সিরি আ জেতা পিরলো ২১ মে এক প্রদর্শনী ম্যাচ দিয়ে সোনায় মোড়ানো ক্যারিয়ারের ইতি টানবেন। তারই সংবাদ সম্মেলনে ইতালির সাবেক এই মিডফিল্ডার কথা বললেন পেনাল্টি নিয়ে, ‘এটা পেনাল্টি ছিল? আমার মনে হয় ছিল।’
শেষ আটের প্রথম লেগে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। ফিরতি লেগে ৩ গোল শোধ করলেও ৯৩ মিনিটে নিজেদের বক্সে রিয়ালের লুকাস ভাসকুয়েজকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেন জুভেন্টাসের মেধি বেনাশিয়া। রেফারি মাইকেল অলিভার পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে পিরলো আরও একটি কথাও মনে করিয়ে দিয়েছেন। রেফারি পেনাল্টিটা না দিলেও পারতেন। অন্তত জমজমাট একটা ম্যাচের স্পিরিট ধরে রাখতে তা করা যেত। পিরলো বলেন, ‘পেনাল্টিটা খুব সহজেই এড়িয়ে যাওয়া যেত। রেফারি আরেকটু কাণ্ডজ্ঞানসম্পন্ন হলে তা করতে পারতেন।’