Sylhet Today 24 PRINT

রিয়াল-বায়ার্ন মুখোমুখি, রোমার প্রতিপক্ষ লিভারপুল

স্পোর্টস ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই কঠিন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনাকে হারিয়ে চমক দিয়ে সেমিতে আসা রোমা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুলের।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র-তে এই সমীকরণ নির্ধারিত হয়।

‘এইচ’ গ্রুপে থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে রিয়াল। শেষ ষোলোয় নেইমারের পিএসজিকে দুই লেগ মিলে ৫-২ গোলে হারিয়ে ওঠে শেষ আটে। শেষ আটে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে জেতার পর ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় জিনেদিন জিদানের দল। তবে দুই লেগ মিলে ৪-৩ গোলে এগিয়ে সেমিতে জায়গা করে নেয় শেষ দুবারের শিরোপা জয়ীরা।

পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ‘বি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেরা নকআউট পর্বে উঠেছিল। শেষ ষোলোতে তুরস্কের ক্লাব বেসিকতাসকে দুই লেগ মিলে ৮-১ এবং সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে।

কোয়ার্টারে বার্সাকে হারিয়ে সবচেয়ে চমক সৃষ্টি করে রোমা। ইতালিয়ান এই জায়ান্ট ‘সি’ গ্রুপে চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে। শেষ ষোলোয় ইউক্রেনের শাখতার দোনৎস্কের সঙ্গে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতা থাকলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠে রোমা।

কোয়ার্টারে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে যায় দলটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিশ্চিত করে রোমা।

‘ই’ গ্রুপের সেরা লিভারপুল শেষ ষোলোয় এফসি পোর্তোকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারায়। আর কোয়ার্টার-ফাইনালের উভয় লেগ জিতে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পায় ইংলিশ জায়ান্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.