Sylhet Today 24 PRINT

নেইমারকে ধুয়ে দিলেন স্বদেশী রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৫

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে কড়া সমালোচনা করেছেন তারই স্বদেশী রোনালদো। সাবেক এই তারকা ফুটবলার মনে করেন, ব্রাজিলের জার্সি পরা কারো কাছ থেকে এ ধরণের আচরণ কাম্য নয়।

চিলির সান্তিয়াগোয় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড দেখেন নেইমার।

নেইমারের এ ধরণের আচরণ মেনে নিতে পারছেন না রোনালদো।

“সে খুবই আগ্রাসী আচরণ করেছে। এটা আপনি কোনো পরিস্থিতিতে সহ্য করতে পারেন না। ম্যাচে এ ধরণের বিষয় কোনোভাবেই ঘটা উচিত নয়।”

“যখন আপনি ব্রাজিলের জার্সি পরবেন, তখন আপনি এমন আচরণ করতে পারেন না”, যোগ করেন দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই স্ট্রাইকার।

লাল কার্ড পাওয়ায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে বাজে আচরণ করে লাল কার্ড দেখায় আরও বেশি শাস্তি পেতে পারেন ব্রাজিলের অধিনায়ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.