Sylhet Today 24 PRINT

হতাশ মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৮

প্রথম লেগে এগিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে রোমার কাছে হেরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় হতাশ লিওনেল মেসি। মেসির এই অবস্থার কথা জানিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

গত মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে রোমার মাঠে ৩-০ গোলে হারে বার্সেলোনা। প্রথম লেগে ৪-১ গোলের জয়ে এগিয়ে থাকলেও অ্যাওয়ে গোলে বিদায় নিতে হয় তাদের।

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় ভালেন্সিয়ার মাঠে খেলবে বার্সেলোনা।

মেসির অবস্থা জানাতে বার্সেলোনা কোচ বলেন, “মেসির অবস্থা তার সতীর্থদের মতোই। আমরা কিছুটা হতাশ। তবে এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আবারও মাঠে ফিরতে হবে।”

“মেসি সে সব খেলোয়াড়দের একজন যে তার ক্যারিয়ার জুড়ে অনেক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুবই কঠিন। একটা দলই কেবল এটা জিততে পারে। তাই এটা খুবই কঠিন।”

“এই প্রতিযোগিতায় আপনার কোনো বাজে মুহূর্ত থাকা চলবে না। যেমনটা কয়েক দিন আগে আমাদের ক্ষেত্রে ঘটল।”

চলতি লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত থাকা বার্সেলোনা ভালেন্সিয়ার মাঠে হার এড়াতে পারলেই স্পেনের সর্বোচ্চ লিগে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থেকে রিয়াল সোসিয়েদাদের (৩৮) রেকর্ডটি ছাড়িয়ে যাবে কাতালান ক্লাবটি। সেই সঙ্গে শিরোপার আরও কাছে চলে যাবে আতলেতিকো মাদ্রিদের চেযে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.