Sylhet Today 24 PRINT

ক্রিকেটারদের বেতন বাড়েনি, চুক্তিতে কমেছে সংখ্যা

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৮

আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে । প্রথমে ২ জন পরে শোনা গেলো, ৪ জনকে বাদ দেয়া হচ্ছে। কিন্তু ২ থেকে ৪ আর ৪ থেকে ৬ এ গিয়ে দাঁড়ালো এ সংখ্যাটা। একে একে মোট ৬ জনকে বাদ দেয়া হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে।

শুধু চুক্তিত্তে ক্রিকেটারের সংখ্যা কমানোই নয়, উঠেছিলো ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জনও, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।

বুধবার (১৮ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

পারফরম্যান্সের কারণে এবার চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। অবশ্য শৃঙ্খলাভঙ্গের কারণে সাব্বির বাদ পড়েছিলেন আগেই।

সভা শেষে বোর্ড সভাপতি ঘরোয়া ক্রিকেটে বেতনভুক্ত ক্রিকেটারদের বেতন ও সংখ্যার পুনর্বিন্যাসের কথাও জানান।

তিনি বলেন ‘আমাদের জাতীয় দলের চুক্তিতে থাকা দশজনের নাম চূড়ান্ত করা হয়েছে। সাথে আরও তিনজন রুকি নেওয়ার জন্য বলেছি। এই ১৩ জনের একটা চুক্তি করা হয়েছে। এছাড়াও প্রথম শ্রেণিতে যারা যারা আছেন বেতনভুক্ত,তাদের বেতনের বিষয়েও পর্যালোচনা করতে ফাইনান্স কমিটিকে বলা হয়েছে।’

বেতন বা ইনসেন্টিভ না বাড়া বিষয়ে বিসিবি প্রধান বলেন, 'কদিন আগেই তো বাড়ানো হলো। এখন আর কিছু বাড়ছে না।'

বুধবার বোর্ড সভাপতি নতুন চুক্তিতে থাকা দশ ক্রিকেটারের নাম ঘোষণা করেন। তবে রুকি শ্রেণির তিনজন এখনো ঠিক করা হয়নি। ১০ পুলভুক্ত ক্রিকেটারের গ্রেডও ঠিক করা হয়নি।

এই দশজনসহ রুকি শ্রেণির তিনজনের বেতন কাঠামো থাকছে আগের মতই। বেতন কিংবা ইনসেন্টিভ কিছুই বাড়ানো হয়নি।

চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহয়ান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.