Sylhet Today 24 PRINT

টাইগাররা হেড কোচ পাচ্ছে মে মাসেই

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৮

ফাইল ছবি

মে মাসের মধ্যেই হেড কোচ পাবে মাশরাফি-সাকিব বাহিনী। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

যদিও নিদহাস ট্রফি চলাকালীন সময়ে পাপন বলেছিলেন, এপ্রিলের শেষে টাইগারদের হেড কোচ নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১৮ এপ্রিল) সংবাদ মাধ্যমকে টাইগারদের হেড কোচ নিয়োগের বিষয়ে এ তথ্য জানান পাপন।

তিনি বলেন, হেড কোচের সঙ্গে অন্য কোচ নিয়েও কাজ করছি। আশা করছি সামনের মাস থেকে আমরা হেড কোচ হিসেবে কাউকে পাবো।

গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই কোচ খুঁজছে বিসিবি। তারপর ৭ মাস পেরিয়ে গেলেও এখনো হেড কোচ ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

খালি পড়ে থাকা এই পদের জন্য গত বছরের ডিসেম্বরে সাক্ষাৎকার দিয়েছেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই চূড়ান্ত করা হয়নি। ফলে বছরের শুরুতে ত্রিদেশীয় টুর্নামেন্টে হেড কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। এবং মার্চে অনুষ্ঠিত হওয়া নিদহাস ট্রফিতে অন্তর্বর্তীকালীন হেড কোচের  দায়িত্ব দেওয়া হয়েছিল পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.